ব্র্যাক বিশ্ববিদ্যালয়-প্রথম আলো জবসের গোলটেবিল
বেকারত্ব মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির সম্পর্ক বাড়ানোর আহ্বান

দেশের ইন্ডাস্ট্রিগুলোতে চাহিদা অনুযায়ী দক্ষ গ্র্যাজুয়েট চাকরিপ্রার্থী পাওয়া যাচ্ছে না। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য উচ্চশিক্ষার শিক্ষাক্রমে পরিবর্তন আনতে হবে। ইন্ডাস্ট্রিগুলোর চাহিদা অনুযায়ী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। সর্বোপরি বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়াতে হবে।
আজ শনিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে (ফার্মগেট এলাকা) ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।‘গ্র্যাজুয়েট বেকারত্ব মোকাবিলা: প্রয়োজন বিশ্ববিদ্যালয়-ইন্ডাস্ট্রির সহযোগিতা’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো জবস। আগামী ২৪-২৫ জানুয়ারি অনুষ্ঠেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়-প্রথম আলো জবস ক্যারিয়ার ফেয়ার সামনে রেখে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সহযোগী ছিল ‘ডেইলি স্টার’। মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘প্রথম আলো’, বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এবং বেসরকারি এবিসি রেডিও। আলোচনায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, শিক্ষক, পত্রিকার সম্পাদক ও প্রশিক্ষকেরা বক্তব্য দেন। আলোচনায় এ বিষয়ে একটি প্লাটফর্ম করার প্রস্তাব প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারের সভাপতি রোকেয়া আফজাল রহমান বলেন, চাকরির জন্য ইন্ডাস্ট্রিগুলো সব সময় ভালো লোক চায়। কিন্তু যা দরকার, তা পাওয়া যায় না। এ জন্য উচ্চশিক্ষার বিদ্যমান নীতি পরিবর্তন করতে হবে, সেটা ইন্ডাস্ট্রির চাহিদা মতো হতে হবে। গুণগত শিক্ষার মান বাড়াতে হবে।
ব্র্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার শেষ বছরে তত্ত্বীয় শিক্ষাকে কীভাবে ব্যবহারিক শিক্ষায় পরিণত করা যায়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া দরকার। এ জন্য ইন্ডাস্ট্রি ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা অবশ্যই দরকার।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য আহমেদ শফি বলেন, শিক্ষার্থীদের দক্ষতার ওপর জোর দিতে হবে। পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।
তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমএইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষাক্রম হওয়া উচিত যেন চাকরি তাঁদের পেছনে খোঁজে।
‘ডেইলি স্টার’-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনাম, ‘প্রথম আলো’ সম্পাদক মতিউর রহমান, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের চেয়ারম্যান হুমায়ুন রশীদ, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, গ্ল্যাক্সোস্মিথক্লিনের ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল হক, ব্র্যাকের ক্যারিয়ার সার্ভিস অফিসের উপদেষ্টা খান আহমেদ মুরশিদ, গ্রো এন এক্সসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. জুলফিকার হোসেন, ‘প্রথম আলো’র যুব কর্মসূচির সমন্বয়ক মুনীর হাসান, প্রথম আলো জবসের কার্যনির্বাহী প্রধান হোমাইরা শারমিন প্রমুখ।