বেকারি ও ওষুধের দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, খালি হাতে নোংরা পাত্রে রুটির মন্ড তৈরি, খাবারে পোড়া তেল ব্যবহারসহ নানা অনিয়মের দায়ে চট্টগ্রামে মুরাদপুর এলাকায় মধুবন ব্রেড ও বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে নগরের কোতোয়ালি এয়াকুবনগর এলাকায় মা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানকে সরকারি ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মুরাদপুর এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর ও এয়াকুবনগর এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বলেন, বেকারিটির কারখানার পরিবেশ খুবই অপরিচ্ছন্ন ছিল। শ্রমিকেরা খালি গায়ে ও হাতে রুটি ও বিস্কুটের মন্ড তৈরি করছিলেন। কারখানার ভেতরে খুব গরম থাকায় শ্রমিকদের শরীর বেয়ে ঘাম পড়ছিল খাবারের ওপর। এ ছাড়া খাবারে পোড়া তেল ব্যবহার হচ্ছিল। এ ধরনের অনিয়ম পাওয়ায় কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে এয়াকুবনগরে মা ফার্মেসিতে বিক্রি নিষিদ্ধ বিভিন্ন সরকারি ওষুধ বিক্রি করা হচ্ছিল। এ বিষয়ে আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, বেশি লাভের আশায় দোকানের মালিক কম দামে সরকারি ওষুধ কিনে বিক্রি করছিলেন। সরকারি ওষুধ বিক্রি করা অপরাধ। এর আগেও দোকানটিকে এই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরও তিনি সরকারি ওষুধ বিক্রি বন্ধ করেননি। তাই দোকানটি বন্ধ করে দিয়ে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।