বেকারির কাঁচামালের দাম কমানোর দাবি
বেকারিতে ব্যবহৃত কাঁচামালের মূল্য কমানো এবং উৎপাদিত পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারসহ ১৩ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম বেকারি মালিক সমিতি। পাশাপাশি তারা বেকারিকে শিল্প ঘোষণা এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ পরীক্ষাগার স্থাপনের দাবি জানান।
গতকাল সোমবার বিকেলে নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির প্রধান উপদেষ্টা মো. কামাল উদ্দিন। এ সময় সমিতির সভাপতি মীর সলিমুল্লাহ, সাধারণ সম্পাদক মো. ছগীরসহ বিভিন্ন বেকারির মালিকেরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, বেকারিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের মূল্য, গ্যাস ও বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং বেকারি পণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট আরোপের কারণে বেকারি মালিকেরা পথে বসতে যাচ্ছেন। বেকারির কাঁচামালে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি পেয়েছে। চিনিতে ৫০, তেল ও ডালডায় ২৫, গুঁড়া দুধে ৩০ শতাংশ হারে মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া মূল্য সংযোজন কর ১৫ শতাংশ আরোপ করা হয়েছে। এই ১৩ দফা দাবির মধ্যে রয়েছে বেকারিকে পূর্ণাঙ্গ শিল্প ঘোষণা, পচা ডিম সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অলিগলিতে গড়ে ওঠা অনুমোদনহীন বেকারি বন্ধ করা, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়রানি বন্ধ করা।