বেকারির পাম তেলে মরা তেলাপোকা!
চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এলাকার তামান্না বেকারিতে ব্যবহৃত পাম তেলে ভাসছিল মৃত তেলাপোকা। সেখানে নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল বিভিন্ন খাদ্যপণ্য। গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন দৃশ্য দেখা যায়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ের অভিযানে এলাকার আরও তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। তাঁকে সহায়তা করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়েজ উল্যাহ।
একই এলাকার প্রগতি বেকারি অ্যান্ড কনফেকশনারির কর্দমাক্ত ও নোংরা মেঝেতে খাদ্যপণ্য সংরক্ষণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নোংরা পরিবেশের জন্য জাফর বেকারিকে ১০ হাজার এবং মদিনা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিকাশ চন্দ্র দাস বলেন, চারটি প্রতিষ্ঠানেরই পরিবেশ ছিল নোংরা।