বেকারের সংখ্যা সংক্রান্ত তথ্য সরকারের কাছে নেই: শ্রম প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মোট বেকারের সংখ্যা সংক্রান্ত কোনো তথ্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নেই। তবে শ্রমশক্তি ও শিশু শ্রম জরিপ ২০১৩ অনুযায়ী মোট বেকার জনগোষ্ঠী (১৫ বছর বা তদূর্ধ্ব) ২৫ লাখ ৮৭ লাখ।

আজ রোববার জাতীয় সংসদে মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে অধিবেশন শুরু হয়।
সংরক্ষিত মহিলা আসনের বেগম মাহজাবিন খালেদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, বাংলাদেশ চীন থেকে সব চেয়ে বেশি পণ্য সামগ্রী আমদানি করে। গত ২০১৪-১৫ অর্থ বছরে চীন থেকে ৮ হাজার ২১৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়েছে। একই সময় ভারত থেকে ৫ হাজার ৮১১ দশমিক ৯০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়।
তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্র গত ৩১ আগস্ট ২০১৩ তারিখে জিএসপি সুবিধাপ্রাপ্ত সকল দেশের জন্য এ সুবিধা স্থগিত করে। পরে ২৯ জুলাই ২০১৫ তারিখে তা পুনর্বহাল করে। তবে, পুনর্বহাল আদেশের আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়নি।
মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানান, বাংলাদেশ বিশ্বের ১৬০টি দেশে কর্মী প্রেরণ করে থাকে। গত অক্টোবর ২০১৫ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭০ হাজার ১১২ জন বিএমইটির ছাড়পত্র নিয়ে বিদেশে গিয়েছেন। গত সাড়ে ৬ বছরে সরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৪৪১ জন এবং রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৩০ লাখ ২৭ হাজার ৬২৪ জন কর্মী বিদেশে গিয়েছেন।