বেক্সিমকো পার্কে কারখানার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ক্রিসেন্ট ফ্যাশন ডিজাইন লিমিটেড কারখানার গুদামে আজ রোববার ভোরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে কারখানাটির ভূগর্ভস্থ গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, সাভার, সাভার ইপিজেড ও মিরপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তাঁদের সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার অপূর্ব বল বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাত্ক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।