বেক্সিমকোর সেই অর্থ চার ব্যাংক থেকে কেটে নেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেক্সিমকো লিমিটেড চার ব্যাংককে ৫২৪ কোটি টাকা (ডিসেম্বর, ২০১১-ভিত্তিক) এখনো পরিশোধ করেনি। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত এ চার ব্যাংকের (জনতা, অগ্রণী, রূপালী ও এক্সিম ব্যাংক) হিসাব থেকে এই অর্থ কেটে (বিকলন) সোনালী ব্যাংককে পরিশোধ করা হয়েছে।এ ক্ষেত্রে সাধারণ চর্চা হচ্ছে, এ চার ব্যাংকে এখন বেক্সিমকো লিমিটেডের নামে বাধ্যতামূলক ঋণ (ফোর্সড লোন) সৃষ্টি করা হবে। ব্যাংকগুলোর যেসব শাখায় বেক্সিমকো লিমিটেডের এ টাকা আটকে পড়েছে, সেই শাখাগুলো এ বাধ্যতামূলক ঋণের অর্থ প্রধান কার্যালয়ে পাঠাবে। প্রধান কার্যালয় এ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা করবে। অবশ্য এ ব্যাংকগুলোতে আবার নতুন করে বেক্সিমকো লিমিটেডের একই ধরনের দায় সৃষ্টি হয়েছে। জানা যায়, এপ্রিল মাস পর্যন্ত এ মেয়াদোত্তীর্ণ দায়ের পরিমাণ ৮০ কোটি টাকার বেশি।বেক্সিমকো গ্রুপের দুটি কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও বেক্সটেক্স নিজেদের মধ্যে পণ্য কেনাবেচায় জড়িয়ে ফেলে উপরোক্ত পাঁচটি ব্যাংককে। স্থানীয় এলসি (ক্যাশ) বা ঋণপত্রের মাধ্যমে এ কেনাবেচায় ব্যাংক থেকে বের করে নেওয়া হয় প্রায় হাজার কোটি টাকা। এর মধ্যে অবশ্য কিছু অর্থ পরিশোধও হয়। বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানির পণ্য কেনাবেচা হয়েছে এভাবে যে বেক্সিমকো লিমিটেড স্থানীয় মুদ্রায় লোকাল এলসি বা স্থানীয় ঋণপত্র খুলেছে জনতা, অগ্রণী, রূপালী ও এক্সিম ব্যাংকে। তার বিপরীতে বেক্সটেক্স সোনালী ব্যাংক থেকে বিক্রয় এলসি পাঠিয়েছে (অর্থের নিশ্চয়তা চেয়ে) উল্লিখিত চার ব্যাংকের কাছে।চার ব্যাংক বেক্সিমকো লিমিটেডের পক্ষে এই অর্থপ্রাপ্তিতে স্বীকৃতি (এলসি অ্যাক্সেপটেন্স) দিয়েছে। ব্যাংকিং ভাষায় যাকে বলা হয় অ্যাকসেপটেড বিল। সোনালী ব্যাংক নির্দিষ্ট কিছু অর্থ জমা রেখে (২০ শতাংশ মার্জিন) স্বীকৃত এ বিলগুলো ক্রয় করেছে। এই অর্থ পরিশোধও হয়েছে। কিন্তু এ চার ব্যাংক আর সোনালী ব্যাংকের অর্থ পরিশোধ করেনি। কারণ, তাদের গ্রাহক বেক্সিমকো লিমিটেড ক্রয়মূল্য পরিশোধ করেনি। এ বিলগুলোর মেয়াদ ছিল ১৮০ দিন। সেই সময় পার হয়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে। সোনালী ব্যাংক তাদের ৩১ ডিসেম্বরভিত্তিক তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে সালিসি বিচার দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক চার ব্যাংককে প্রথমে সাত দিন ও পরে আরও এক মাস সময় বেঁধে দেয়। গত ৩০ এপ্রিল সেই সময়ও পার হয়। এ নিয়ে ৩ মে প্রথম আলোতে ‘৫ ব্যাংকের হাজার কোটি টাকা আটকা, বেক্সিমকোর নিজস্ব কোম্পানির লেনদেন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের কাছে সোনালী ব্যাংকের সালিসি বিচার চেয়ে দেওয়া চিঠিতে ডিসেম্বরভিত্তিক চার ব্যাংকের কাছে পাওনা অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছিল ৬৪৫ কোটি টাকা। তবে ব্যাংক সূত্রগুলো জানায়, এপ্রিল মাসের বিভিন্ন সময় অগ্রণী ব্যাংক ১০৩ কোটি টাকার কিছু বেশি অর্থ এবং রূপালী ব্যাংক প্রায় ১৮ কোটি টাকা সোনালী ব্যাংককে পরিশোধ করেছে। এতে সর্বশেষ ডিসেম্বরভিত্তিক হিসাবের মধ্যে স্থিতি এসে দাঁড়ায় ৫২৪ কোটি টাকা। দেনাদার একটি ব্যাংক সূত্র বলছে, গতকাল তারা বাংলাদেশ ব্যাংকের চিঠি পায়নি। তবে মৌখিকভাবে জানানো হয়েছে। সেই ভিত্তিতে বেক্সিমকো লিমিটেডের নামে বাধ্যতামূলক ঋণ সৃষ্টির ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঋণের সুদহার হবে বাণিজ্যিক ঋণের সমান অর্থাৎ ব্যাংক ভিত্তিতে ১৬ থেকে ১৭ শতাংশ।