বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮০তম জন্মবার্ষিকী আজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮০তম জন্মবার্ষিকী আজ ৮ আগস্ট। এ উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বনানীতে ফজিলাতুন্নেসা মুজিবের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বেগম মুজিবের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল আটটা ৫০ মিনিটে বনানী কররস্থানে বেগম ফজিলাতুন্নেসার কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাবে সকাল নয়টায়। বিকেল চারটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে মহিলা লীগ। আওয়ামী যুবলীগ রাজউক মিলনায়তনে বেলা তিনটায় আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া ছাত্রলীগ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আলোচনা সভা এবং স্বেচ্ছাসেবক লীগ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু জাদুঘরে আলোচনা সভার আয়োজন করেছে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নির্মম হত্যার শিকার হন বেগম মুজিব।