বেগম রুনু সিদ্দিকী ধর্মভীরু হলেও ধর্মান্ধ ছিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম রুনু সিদ্দিকী ছিলেন ধর্মপ্রাণ নারী ব্যক্তিত্ব। তিনি বিশ্বাস করতেন ধর্মই কর্ম। তবে ধর্মভীরু হলেও ধর্মান্ধ ছিলেন না। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন সচেতন মা।
৩ ডিসেম্বর চট্টগ্রাম লেডিস ক্লাব ও চট্টগ্রাম লেখিকা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামি চিন্তাবিদ ও সাহিত্যিক বেগম রুনু সিদ্দিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ খালেদা হানুম।
তিনি বলেন, বেগম রুনু সিদ্দিকী ছিলেন মানবতাবাদী ও মঙ্গলময়ী। স্বামী ইউএন সিদ্দিকীর মৃত্যুর পর সমাজসেবায় নিবেদিত হন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাঁর স্বামীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পাকিস্তানি হানাদারদের আক্রমণ থেকে রক্ষায় ভূমিকা রেখেছিলেন, মুক্তিযোদ্ধাদের খাবার–দাবার, আশ্রয় দিয়েছিলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম লেখিকা সংঘের সভানেত্রী আনোয়ারা আলম। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম লেডিস ক্লাব সভানেত্রী জিনাত আজম। বক্তব্য দেন সংসদ সদস্য সাবিহা মুসা, সাবেক সংসদ সদস্য নূরী আরা সাফা, লেখিকা নীলুফার শামসুদ্দিন, খালেদা ফারুক, বেগম করিমুন্নেসা, রুনু সিদ্দিকীর মেয়ে গুলেরানা সিদ্দিকী প্রমুখ। সবশেষে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ক্লাব সদস্য সকিনা বেগম চৌধুরী।
স্মরণসভায় বাঁশখালী নাগরিক কমিটির উদ্যোগে বেগম রুনু সিদ্দিকীর জীবন, কর্ম ও স্মৃতি নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।