বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে গতকাল শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস। এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
ক্যাটাগরিগুলো হলো সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবদান রাখা।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সংবর্ধনা পাওয়া জয়িতারা হলেন সদর উপজেলার শাকচর গ্রামের মারজাহান বেগম, লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মমতাজ বেগম, রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের নিলুফা আক্তার ঝর্ণা, চরগাজী ইউনিয়নের তাপশ্রী রাণী দাস ও রামগঞ্জ উপজেলার তাহেরা বেগম।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা বেগম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন।
পটিয়া (চট্টগ্রাম): পটিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে চার জয়িতাকে। তাঁরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পটিয়ার খরনা ইউনিয়নের ডেইজী আকতার, সফল জননী পৌরসভার শামসুন নাহার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কচুয়াই ইউনিয়নের উম্মে তাসলিমা চৌধুরী ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা হাবিলাসদ্বীপ ইউনিয়নের রোকসানা আকতার।
পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা পিএইচআর ও ইলমার সহযোগিতায় এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি এ বি এম আবু নোমান, পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন।
উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী। অনুষ্ঠানে জয়িতারা তাঁদের সংগ্রাম ও সাফল্যের গল্প শোনান।
চকরিয়া (কক্সবাজার): সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন হুরে জন্নাত, মোছাম্মৎ খুকি, জেসমিন আকতার, হামিদা বেগম ও রত্না রায়।
ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন।
নোয়াখালীতে রোকেয়া দিবস পালিত: নোয়াখালীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রোকেয়া দিবস পালিত হয়েছে। বিকেলে নোয়াখালী প্রেসক্লাবে ‘নারীর জাগরণ ও নারী মুক্তির বর্তমান প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা এনআরডিএসের সহযোগিতায় জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শিরিন আক্তার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেসরকারি সংস্থা এনআরডিএসের প্রধান নির্বাহী আবদুল আউয়াল, বন্ধনের নির্বাহী আমিনুজ্জামান, আইনজীবী কল্পনা রানী দাস।
এ ছাড়া সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
তা ছাড়া সেনবাগ উপজেলা সদরে যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়।