বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের দাবি পূরণ না হওয়ায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীকে অবাঞ্চিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

রংপুর প্রেসক্লাবে আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পড়েন শিক্ষক সমিতির সভাপতি সাইদুল হক। পদোন্নতি পাওয়া শিক্ষকদের অর্জিত সময় থেকে প্রাপ্য সুবিধাদি প্রদানের দাবিতে ১৮ দিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪২তম সিন্ডিকেট সভায় ২৭ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু তাঁরা এর আগেই পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও তাঁদের পদমর্যাদা ও প্রাপ্য সুবিধাদি সিন্ডিকেট সভার দিন থেকে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সমস্যা নিরসনে গত ২৭ অক্টোবর শিক্ষক সমিতি সাধারণ সভার মাধ্যমে উপাচার্যকে স্মারকলিপি দেয়। শিক্ষক সমিতির দাবি অনুযায়ী পদক্ষেপ না নেওয়ায় উপচার্যের কাজে অসহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী গত ২ নভেম্বর থেকে এই কর্মসূচি অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আরও জানান, গত ফেব্রুয়ারি মাসে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে সনদ জালিয়াতি করে ইমরান নামের এক শিক্ষকের নিয়োগে বিষয়টি প্রমাণিত হওয়ার পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় প্রথম পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি শেষ করলেও স্নাতকোত্তর ডিগ্রির নিতিমালা প্রণয়নের বিষয়ে উপাচার্য উদাসীন বলে অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। স্নাতকোত্তর নীতিমালা না হওয়ায় ওই পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা স্নাতকোত্তর বিভাগের কোনো ক্লাস করতে পারছেন না। একই সঙ্গে উপাচার্য বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থেকে ঢাকায় অবস্থান করেন বলেও অভিযোগও করা হয় শিক্ষক সমিতির পক্ষ থেকে।

শিক্ষক সমিতির এসব অভিযোগের বিষয়ে উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের সভার দিন থেকে পদোন্নতি পাওয়া শিক্ষকেরা সব ধরনের সুবিধা ভোগ করবেন।’

পাঁচটি বিভাগের স্নাতকোত্তর ডিগ্রির নীতিমালা না হওয়ার বিষয়ে উপাচার্য বলেন, এই নীতিমালা প্রণয়নে অ্যাকাডেমিক কাউন্সিলের মাধ্যমে একটি কমিটি করে ​দিয়েছি। ওই কমিটির দায়িত্ব নতুন সিলেবাস ও নীতিমাল প্রণয়ন করা। কমিটি এটা করলে আমার কাছে পাঠালে আমি তা একাডেমিক কাউন্সিলে পাশ করব। এক শিক্ষকের সদন জালিয়াতির বিষয়ে তিনি বলেন, গত ২৮ অক্টোবর কোতোয়ালি থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষকদের দাবি যথার্থ নয়। এ ছাড়া ব্যক্তিগত কাজে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে বিভিন্ন সময় ঢাকায় যেতে হয় বলেও মন্তব্য করেন উপাচার্য।