বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমরণ অনশন কর্মসূচি অব্যাহত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ ও সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে আমরণ অনশন অব্যাহত রয়েছে। সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে গত রোববার রাত সাড়ে আটটা থেকে ক্যাম্পাসের পুলিশ ক্যাম্পের পাশে এ অনশন কর্মসূচি চলছে।
গতকাল বুধবার দুপুরের দিকে অনশনকারী রসায়ন বিভাগের শিক্ষক তারিকুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আন্দোলনরত সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে গতকাল বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার একটি পত্র পাঠানো হয়েছে। পরিষদের সদস্যসচিব বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পরিমল চন্দ্র বর্মণ বলেন, এভাবে একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না।
গত ২ নভেম্বর থেকে অসহযোগিতার আন্দোলনের কর্মসূচির ডাক দেয় শিক্ষক সমিতি। বর্তমানে সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ সংগঠনের নামে উপাচার্যের অপসারণের দাবি তোলা হয়েছে। এই অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কয়েকজন শিক্ষক যোগ দিয়েছেন।
উপাচার্য ঢাকায় অবস্থান করায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম বলেন, ‘আন্দোলনের কারণে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। উপাচার্য ঢাকা থেকে না আসা পর্যন্ত কোনো কিছু বলতে পারছি না। তবে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিষয়টি সবার বিবেচনায় আনা প্রয়োজন।’