বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদিন ধরে অবরুদ্ধ উপাচার্য

চার মাসের বকেয়া বেতনের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো উপাচার্যকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষকেরা।
বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার থেকে পৃথক ব্যানারে উপাচার্যের কক্ষের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষকেরা।
এদিকে ‘শিক্ষক চাই, ক্লাস চাই, সেশনজট নিরসন চাই’—স্লোগান সংবলিত ব্যানার নিয়ে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ দ্বিতীয় দিনের মতো শিক্ষকেরা তাঁদের অনশন কর্মসূচি পালন করছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর রহমান অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্যালাইন দেওয়া হয়। এ ছাড়া আরও বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। দুদিনের একটানা কর্মসূচি ও রাতে ঘুম না হওয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং উপাচার্যের কক্ষের সামনে শুয়ে পড়েছেন।
গতকাল বেলা ১১টার দিকে উপাচার্যের কক্ষের সামনে প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষকদের ব্যানারে দুটি অংশ উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নেয়। বকেয়া বেতনের দাবিতে চলমান এই আন্দোলনের কারণে আজও কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।
আন্দোলনরত সাধারণ শিক্ষক ও বিজ্ঞান অনুষদের ডিন হাফিজুর রহমান বলেন, শিক্ষকদের চার মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া পড়েছে। পরিবারগুলো এখন ঋণ করে সংসার চালাচ্ছে। তাই এ আন্দোলন করা ছাড়া তাঁদের কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৮৫ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে পদ সৃষ্টি না করে অতিরিক্ত ৩৩৩ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেওয়ায় মোট শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ৬১৮ জনে। এদিকে ইউজিসি ২৮৫ জনের বেতন পাঠিয়ে থাকে। কিন্তু ওই টাকা দিয়ে ৬১৮ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বেতন দেওয়া করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য তহবিল থেকে টাকা ঋণ নিয়ে বেতন পরিশোধ করা হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের তহবিলে আর কোনো টাকা জমা নেই বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়।
উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী অবরুদ্ধ অবস্থায় আজ মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘এখানে এখন আমি বড় অসহায়। ইউজিসিকে বিষয়টি জানিয়েছি। বকেয়া বেতন দেওয়ার চেষ্টা করছি।’