বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষকদের একাংশ প্রগতিশীল শিক্ষক সমাজ। তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনেও তালা লাগিয়ে দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
আজ সকাল নয়টার দিকে ধর্মঘটকারী প্রগতিশীল শিক্ষক সমাজ ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। এরপর ধর্মঘটের সমর্থনে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে। এ কারণে আজ কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।
ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে যথাসময়ে পরীক্ষা হওয়া এবং বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে শিক্ষকদের আরেকটি অংশ সম্মিলিত শিক্ষক সমাজ।
সংগঠনের আহ্বায়ক গণিত বিভাগের বিভাগীয় প্রধান হাফিজুর রহমান বলেন, গত মে মাস থেকে কারও বেতন হয়নি। সাবেক উপাচার্যের অনিয়মের কারণে এমনটি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ পরিস্থিতিতে অবিলম্বে ইউজিসির হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৩৩৬ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে, পদ সৃষ্টি না করে অতিরিক্ত ৩৩৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়ায় মোট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা পৌঁছায় ৬৭৪ জনে। অস্থায়ীভাবে অতিরিক্ত নিয়োগ পাওয়া ৩৩৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর চাকরির মেয়াদ গত জুন মাসে শেষ হয়েছে।
অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া এসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আজ থেকে আন্দোলনে নেমেছেন। তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছেন। এর আগে তাঁরা গত মঙ্গলবার উপাচার্যকে দেড় ঘণ্টা কার্যালয়ের বাইরে থেকে তালা মেরে অবরুদ্ধ করে রাখেন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ গিয়ে উপাচার্যকে উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানান, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবিতে গত মঙ্গলবার উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপাচার্য তাঁদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি ইউজিসিকে অবহিত করবেন বলে জানান। পরে তাঁরা হঠাত্ করেই উপাচার্যের কার্যালয় থেকে বের হয়ে ওই কক্ষে তালা ঝুলিয়ে দিলে উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন।
উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গত মে মাস থেকে জুলাই পর্যন্ত তিন মাসের বেতন দেওয়া হয়নি। এর মধ্যে ঈদ বোনাসসহ তিন মাসের বেতন বকেয়া পড়েছে ৩৩৬ জনের। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ৩৩৮ জনের বেতন বকেয়া পড়েছে মে ও জুন মাসের।
আন্দোলনরত অস্থায়ী নিয়োগ পাওয়া প্রগতিশীল শিক্ষক সমাজ সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, ‘অস্থায়ীভাবে নিয়োগ হওয়ার পর আশ্বাস দেওয়া হয়েছিল চাকরি স্থায়ী করা হবে, কিন্তু তা করা হচ্ছে না। এ কারণে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই আমাদের। তাই অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়েছে।’
আন্দোলনরত নবগঠিত আরও একটি সংগঠন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি।’
উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ‘সাবেক উপাচার্যের আমলে পদ সৃষ্টি না করে অতিরিক্ত লোকবল নিয়োগ দেওয়া হয়। তাঁদের মেয়াদ গত জুন মাসে শেষ হয়েছে। তাঁদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করেছি। এখানে আমার কোনো এখতিয়ার নেই।’