বেগম রোকেয়ায় তিন মাসের বেতন-বোনাস বাকি
ঈদের আগে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৮৫। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন ছাড়াই সৃষ্টি না করে অতিরিক্ত ৩৩৩ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়ায় মোট শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ৬১৮।
ইউজিসি ২৮৫ জনের বেতন পাঠিয়ে থাকে। কিন্তু ওই টাকা দিয়ে ৬১৮ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বেতন দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য তহবিল থেকে ঋণ নিয়ে বেতন পরিশোধ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের তহবিলে আর কোনো টাকা জমা নেই।
সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক ও গণিত বিভাগের প্রধান হাফিজুর রহমান বলেন, ‘তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না হওয়ায় পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ কেমন হবে, তা কী আর বলার অপেক্ষা রাখে?’
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, আগের উপাচার্যের অনিয়মের কারণে নিয়মিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস না হওয়ায় এখন সবাইকে ভুগতে হচ্ছে।
সহকারী রেজিস্ট্রার গোলাম মোস্তফা বলেন, ‘আমরা আশা করেছিলাম, ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস পাব। কিন্তু তা না হওয়ায় এবারের ঈদের আনন্দ যেন নিরানন্দ হয়ে গেল।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ‘সাবেক উপাচার্যের আমলে পদ সৃষ্টি না করে অতিরিক্ত লোকবল নিয়োগ দিয়ে বেতন দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের তহবিলে কোনো টাকা জমা নেই। নতুন বাজেটে টাকা বরাদ্দ হলেও ঈদের আগে ছাড় না হওয়ায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়া সম্ভব হলো না।’