আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শতবর্ষ পূর্তি
বেগম রোকেয়া ও সুফিয়া কামালের জন্মস্থান থেকে ঢাকামুখী অভিযাত্রা
‘নারী জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের শিকার। দেশের ৪৭ থেকে ৫৫ ভাগ নারী পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন। শ্রেণী, পেশা, গোত্র, বর্ণ ও ভাষার বৈষম্য দূর করে সম্পদে সমবণ্টন নিশ্চিত করে নারী-অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এখনো দেশে একটি অভিন্ন পারিবারিক আইন করা সম্ভব হয়নি।’বরিশালের শায়েস্তাবাদে গতকাল বেলা ১১টায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আয়োজিত ‘আমরাই পারি ক্যাম্পেইন’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন সুলতানা কামাল। আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শতবর্ষ পূর্তি উপলক্ষে নারী-অধিকারের সপক্ষে ঢাকা অভিমুখে অভিযাত্রার সূচনা হয় নারী-জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ ও কবি সুফিয়া কামালের জন্মস্থান বরিশালের শায়েস্তাবাদ থেকে। একই সঙ্গে ৮ মার্চ এ অভিযাত্রা ঢাকায় শেষ হবে।শায়েস্তাবাদে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আয়োজিত আমরাই পারি ক্যাম্পেইনের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাংসদ তালুকদার মো. ইউনুস, ইব্রাহিম খলিল, নারীনেত্রী জেবুন্নেছা আফরোজ, মোকলেছুর রহমান, ফজিলাতুন্নেছা ফরিদ প্রমুখ। সুলতানা কামাল বলেন, ‘আজকের এই দিনটির সঙ্গে দুটি নাম অত্যন্ত নিবিড়ভাবে জড়িত—একজন বেগম রোকেয়া এবং অন্যজন কবি সুফিয়া কামাল। ১০০ বছর আগে বেগম রোকেয়া যে অভিযাত্রা শুরু করেছিলেন, কবি বেগম সুফিয়া কামাল পরে সে দায়িত্ব পালনের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেষ্ট থেকেছেন। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ নির্বিশেষে নারী পারিবারিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। সময় পাল্টেছে, ভালোভাবেই পাল্টেছে, ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে পাল্টেছে।’পায়রাবন্দে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১০০ জন বিশিষ্ট নারী ও পুরুষ ১০০ পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা ও আমরাই পারি ক্যাম্পেইনের পতাকা উত্তোলেনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।অক্সফাম জিবি, গণ উন্নয়ন কেন্দ্র ও দেবী চৌধুরাণী পল্লী উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় এবং পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, আখতার আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মওদুদা আকতার, আবদুল হালিম মণ্ডল, আলোকিত মানুষ ফজিলাতুন্নেছা বুলু ও বেগম রোকেয়ার উত্তরসূরি রনজিনা সাবের।মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রদীপ কুমার গোস্বামী, ফয়জার রহমান, আবু জাফর, এ কে এম ফকরুল আনাম প্রমুখ।পায়রাবন্দের কর্মসূচি শেষে অভিযাত্রার ভ্রাম্যমাণ দলটি মিঠাপুকুর সদরে পৌঁছলে সেখানেও পথসভা ও পালাগান হয়। শত শত নারী-পুরুষ, শিক্ষার্থী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি, আরডিআরএস, আইভিএস, জাতীয় মহিলা পরিষদ, রোকেয়া ফোরাম, পায়রাবন্দ জনকল্যাণ সংস্থা, বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়, পায়রাবন্দ বিআরএম বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের নেতারা অঙ্গীকারনামায় স্বাক্ষর করে নারী-অধিকারের সপক্ষে চেঞ্জমেকারদের অভিযাত্রার প্রতি সংহতি প্রকাশ করেন।