বেগম রোকেয়া দিবস আজ
পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠা ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন। নারীর পূর্ণ মুক্তি ও মর্যাদা অর্জনে এক অন্ধকার যুগে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে তিনি যাত্রা শুরু করেছিলেন। তাঁর দেখিয়ে দেওয়া আলোতেই তাঁর উত্তরসূরিরা পথ চলছে। কিন্তু রোকেয়ার স্বপ্ন আজও পূরণ হয়নি।এই মহীয়সী নারীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে আজ বৃহস্পতিবার সারা দেশে পালিত হবে বেগম রোকেয়া দিবস।রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। ১৯৩২ সালের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন।রাজধানী ও বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁর আদর্শকে স্মরণ করবে আজ।ঊনবিংশ শতাব্দীর শেষভাগে নারীরা যখন অবরোধবাসিনী, সে সময় বেগম রোকেয়া বাঙালি মুসলমান নারীদের জন্য শিক্ষার আলোকবর্তিকা নিয়ে এগিয়ে এসেছিলেন। বেগম রোকেয়া মোতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধ বাসিনীসহ বিভিন্ন গ্রন্থের মাধ্যমে ধর্মীয় গোঁড়ামি, সমাজে নারীর বন্দীদশার বিভিন্ন চিত্র তুলে ধরেছেন। বাল্যবিবাহ, পণপ্রথা, অবরোধপ্রথা, ধর্মের অপব্যবহারসহ নারীর প্রতি সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।দিবসের কর্মসূচি: মহিলাবিষয়ক অধিদপ্তর সকাল ১০টায় অধিদপ্তরে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রোকেয়ার কর্মকাণ্ড ও স্বপ্নবিষয়ক কর্মশালার আয়োজন করেছে। বাংলা একাডেমী তাদের সেমিনার কক্ষে বিকেল পাঁচটায় বেগম রোকেয়া স্মরণে স্মারক বক্তৃতার আয়োজন করেছে।রংপুরে কর্মসূচি: বেগম রোকেয়া ফোরাম রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল চারটায় বেগম রোকেয়া সম্মাননা পদক বিতরণ করবে। নারীর অধিকার অর্জনে বিশেষ অবদান রাখার জন্য এবার এ পদক পাচ্ছেন লালমনিরহাটের রত্মগর্ভা মা মোছা. ফাতেমা বেগম (মরণোত্তর) এবং রংপুরের আয়শা জাফর।