বেগম রোকেয়া দিবস আজ
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। দিবসটি পালনে রাজধানীতে পৃথক কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি পালনে আজ রোববার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলা একাডেমী। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে সকাল ১০টায় শোভাযাত্রা ও সন্ধ্যায় হলের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনও অনুষ্ঠানটি পালনে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে, দিবসটি পালনে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটি বিকেলে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।রাষ্ট্রপতির বাণীতে বলা হয়, নারীদের শিক্ষা ও স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন বেগম রোকেয়া। সেই স্বপ্ন লালন করে সমাজ বিনির্মাণে নারীরা অবদান রাখবে, এটাই ছিল তাঁর লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণীতে বলা হয়, ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন সমাজে নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন বেগম রোকেয়া।