বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে দুই পক্ষ মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। এরপর দুপুর ১২টার দিকে ছাত্রদল একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তবে পুলিশি বাধা উপেক্ষা করে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় শহীদ মিনারে পাশে উভয় সংগঠনের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। আধা ঘণ্টা ধরে চলা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহত নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র ও বেসরকারি ক্লিনিকে চিকিত্সা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হজরত বেলাল বলেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। এতে তাঁদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামসহ ১২ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান অভিযোগ করেন, ছাত্রদলের মিছিল থেকে ককটেল ফাটানোর কারণে পাল্টাপাল্টি  ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ থেকে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কাল শুক্রবার ও আগামী শনিবারও ভর্তি পরীক্ষা হবে।