বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আজ বুধবার যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগদান করার পর নতুন উপাচার্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, শিক্ষা, গবেষণাসহ সব বিষয়ে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হবে বিশ্বের অন্যতম বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও যুগোপযোগী হিসেবে বিশ্বমানের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যা করা প্রয়োজন, সবই করা হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর উপাচার্যকে ফুল দিয়ে বরণ করেন।
দায়িত্ব পালনের প্রথম দিনেই উপাচার্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস ছাড় করেন। একই সঙ্গে নয়টি বিভাগের মোট ১৫টি ব্যাচের পরীক্ষার ফলাফল প্রকাশের অনুমোদনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের গ্রেড-১ অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১ জুন রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী চার বছরের জন্য তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।