বেগম রোকেয়ার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধর্মনিরপেক্ষতা, নারী অধিকার, নারীর স্বাধীনতা, বহুবিবাহ, সর্বোপরি বৈষম্যহীন সমাজব্যবস্থার কথা বলেছিলেন বেগম রোকেয়া। কিন্তু আজও সে সমাজ প্রতিষ্ঠিত হয়নি। নারীর অধিকার এখনো অন্ধকারাচ্ছন্ন যুগের অবস্থায় পড়ে আছে।’নারীজাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘বেগম রোকেয়া: বৈষম্যহীন সমাজ নির্মাণের অগ্রপথিক’ শীর্ষক এই বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, আমার অধিকার ক্যাম্পেইন ও গ্রিন ভয়েজ যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে ঢাকা, জগন্নাথ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ জন শিক্ষার্থী অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। তিনি বলেন, বেগম রোকেয়া শুধু নারীর অধিকার নিয়েই কথা বলেননি, সুলতানার স্বপ্ন বইয়ে তিনি নারীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তাঁর বিভিন্নমুখী দক্ষতা ও পারদর্শিতার কথা তুলে ধরেছেন।প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক কাজী মদীনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক মালেকা বেগম। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক নোমান আহমেদ খান।কাজী মদীনা বলেন, ‘বেগম রোকেয়া চিন্তাভাবনায় অনেক প্রাগ্রসর ছিলেন। সে সময়ই তিনি সৌরবিদ্যুৎ, নগরায়ণ, সবুজায়নের কথা বলেছিলেন। কিন্তু সেসব কথা বলা হয় না। কারণ, আমরা তাঁকে সে জায়গায় আনতে চাই না।’মালেকা বেগম বলেন, বেগম রোকেয়া যে নারী অধিকারের সংগ্রাম করেছিলেন, তা আজও প্রতিষ্ঠিত হয়নি। এখনো বৈষম্য রয়ে গেছে। বৈষম্যের সবচেয়ে বড় জায়গা সম্পত্তিতে নারীর অধিকার। ইসলাম মুসলিম নারীদের যেটুকু সম্পদের অধিকার দিয়েছে, বাস্তবে ততটুকু তারা পায় না। আর হিন্দু নারীদের তো কোনো অধিকারই নেই।প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুস সালাম প্রথম, রেবেকা সুলতানা দ্বিতীয় ও ঢাকা কলেজের ছাত্র ইকবাল বাহার তৃতীয় হন।