বেগমগঞ্জ ও রামুতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এদিকে কক্সবাজারের রামুতে পুকুরে ডুবে মারা গেছে এক স্কুলছাত্র।
নোয়াখালীতে মৃত দুই বোনের নাম সাজেদা ইয়াছমিন ওরফে প্রিয়ন্তি (৭) ও সারিকা ইয়াছমিন ওরফে প্রান্তি (৩)।
মৃত দুই শিশুর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সালেহ আহমদ বলেন, মঙ্গলবার বিকেল চারটার পর থেকে প্রিয়ন্তি ও প্রান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ির পুকুরে তাদের লাশ পাওয়া যায়।
সাজেদা ইয়াছমিন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যদের অজান্তে দুই বোন পুকুরে পড়ে ডুবে মারা গেছে বলে স্থানীয় লোকজনের ধারণা।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি কেউ থানায় জানায়নি।
এদিকে কক্সবাজারের রামু সদরে পুকুরে ডুবে মারা যাওয়া প্রৌজ্জ্বল বড়ুয়া অভিক রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সে রামুর হাকিম রকিমা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক প্রবণ বড়ুয়া ও রামু বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মেঘনা রানী বড়ুয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় অভিক। সেখানকার বৈদ্যপুকুরে অন্য ছেলেদের সঙ্গে সে সাঁতার শিখতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন অভিককে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।