বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র বিক্ষোভ, অবরোধ
দুই ছাত্রের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং গ্রন্থাগারিকের বিচারের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে ক্যাম্পাসের সামনে চৌমুহনী-মাইজদী মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয়। প্রত্যক্ষদর্শী ও কলেজের শিক্ষার্থীরা জানান, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি চতুর্থ বর্ষের ছাত্র আল-আমিন ইসলাম এবং তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লা আল-মামুন ওরফে লিয়নকে কলেজ থেকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে শনিবারের মতো গতকাল রোববারও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন বর্ষের ছাত্ররা।একপর্যায়ে গতকাল দুপুর ১২টার দিকে ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে বেগমগঞ্জ চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্কয়ার প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের সামনে চৌমুহনী-মাইজদী মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই দিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য যাত্রী সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েন।খবর পেয়ে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হকের নেতৃত্বে পুলিশ বিক্ষোভকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করলেও ছাত্ররা এতে অনড় থাকেন। পরবর্তী সময়ে কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার আশ্বাস দিলে আধা ঘণ্টা পর ছাত্ররা রাস্তা থেকে সরে গিয়ে কলেজ গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় ছাত্ররা গ্রন্থাগারিকের অপসারণ এবং দুই ছাত্র প্রতিনিধির সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। কলেজের অধ্যক্ষ আবদুল বাসেত মিয়া বলেন, গ্রন্থাগারিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ছাত্ররা জানাতে পারত। কিন্তু তারা তা না করে গ্রন্থাগারিককে মারধর করেছে। তা ছাড়া দুই ছাত্রকে শোকজ করা হয়েছে, তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট এবং শোকজ নোটিশের জবাব পেলে ব্যবস্থা নেওয়া হবে।