বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে। বছরের পর বছর ধরে একই পরিস্থিতি বিরাজ করলেও এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। উদ্ভূত পরিস্থিতিতে পাঠদান স্বাভাবিক রাখতে গিয়ে অন্য শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৭ সালে এই বিদ্যালয়টিকে সরকারীকরণ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারীকরণের আগ পর্যন্ত বিদ্যালয়টিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সংকট ছিল না বলেই চলে। কোনো শিক্ষক চাকরি ছেড়ে গেলেও অল্প দিনেই শূন্যতা পূরণ করা যেত। কিন্তু যত বিপত্তি সরকারীকরণের পর। আগে যাঁরা কর্মরত ছিলেন, তাঁদের অনেকেই বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। বিভিন্ন সময় সরকারিভাবে নিয়োগ হওয়া শিক্ষকদের এই বিদ্যালয়ে বদলি করা হলেও তাঁরা কিছুদিন যেতে না যেতে অন্যত্র বদলি হয়ে যান। এতে বিদ্যালয়টিতে শিক্ষকসংকট ক্রমশ প্রকট হতে থাকে।
সূত্র জানায়, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দুটি পদসহ শিক্ষকের ২৩টি পদ রয়েছে। এর মধ্যে জীববিজ্ঞানের একটি, গণিতের দুটি, ধর্মীয় শিক্ষকের দুটি, চারুকারুর একটি, বাংলার একটি, ভৌতবিজ্ঞানের একটি, হিসাববিজ্ঞানের একটি পদসহ ১১টি পদই শূন্য। উদ্ভূত পরিস্থিতিতে অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে শূন্যপদের বিষয়ে কোনো রকমে পাঠদান করা হচ্ছে।
এদিকে অব্যাহত শিক্ষকসংকটে সন্তানদের পড়ালেখা নিয়ে দুশ্চিতায় আছেন অভিভাবকেরা। চৌমুহনী পৌর এলাকার বাসিন্দা গোলাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসএসসির ফলাফলে সাফল্যের দিক থেকে জেলার প্রথম কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি হওয়া সত্ত্বেও এই বিদ্যালয়টির শিক্ষকসংকট দূর না করা খুবই দুঃখজনক।’
প্রধান শিক্ষক সুপাল চন্দ্র শীল প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকসংকটের কারণে শ্রেণিকার্য পরিচালনা করা খুবই কঠিন হয়ে পড়েছে। এতে একজন শিক্ষককে প্রতিদিন গড়ে পাঁচ-ছয়টি ক্লাস নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
জেলা শিক্ষা কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘জেলা শহরের বাইরে উপজেলা পর্যায়ের বেশির ভাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়েরই একই চিত্র। সবখানেই কমবেশি শিক্ষকসংকট রয়েছে। কিন্তু শিক্ষকের নিয়োগ-বদলির বিষয়টি সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকায় এ বিষয়ে কিছুই করার থাকে না।’