বেগমগঞ্জে অগ্নিকাণ্ড ১৯টি দোকান পুড়ে গেছে
নোয়াখালীর বেগমগঞ্জে ১৯টি দোকান আগুনে পুড়ে গেছে। গত রোববার গভীর রাতে উপজেলার সুলতানপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্যমতে, রোববার দিবাগত রাত একটার দিকে ওই বাজারের নূর আলমের লন্ড্রি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে উপজেলার চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হলে তারা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই লন্ড্রি দোকান ছাড়াও আশপাশের মুদি, স্টেশনারি, ওষুধের দোকানসহ ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সুলতানপুর বাজারের ব্যবসায়ী নুরুল হুদা বলেন, আগুনে অল্পের জন্য তাঁর দোকানটি রক্ষা পেয়েছে। কিন্তু যেসব ব্যবসায়ীর দোকান পুড়ে গেছে, তাঁদের পথে বসার উপক্রম হয়েছে। দমকল বাহিনী না এলে পুরো বাজার আগুনে পুড়ে ছাই হয়ে যেত।