বেগমগঞ্জে অস্ত্র, হাতবোমাসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার, গুলিবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা বাজারসংলগ্ন রাজ্জাকপুর গ্রামে টহল পুলিশের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত ১০টার দিকে এ হামলার চেষ্টার ঘটনা ঘটে।

এ সময় পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে ১৪টি গুলি করে। পরে ধাওয়া করে দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ, তিনটি হাতবোমাসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চাটখিলের খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের জাবেদ হোসেন (২৮), সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের ব্রজেরগাঁও গ্রামের নুর হোসেন ওরফে মোরশেদ (২৯) এবং ঘাসেরখিল গ্রামের আমিনুল ইসলাম (২৮)।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাতেই অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এরপর গতকাল শনিবার সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁদেরকে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। এ বিষয়ে আদালত শুনানি শেষে আদেশ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বেগমগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আমানউল্লাহপুর ইউনিয়নে যায়। পুলিশের গাড়ি রাজ্জাকপুর গ্রামে গেলে এ সময় রাস্তার ওপর ঘোরাঘুরি করা তিন সন্ত্রাসী গাড়ি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দিলে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি করে তিন সন্ত্রাসীকে ধরে ফেলে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।