বেগমগঞ্জে আ.লীগ নেতার হাত কর্তন
নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বটতলা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল হোসেন ওরফে রবিনের (৩৮) ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর বাঁ হাত কেটে ফেলেছেন ১৮-দলীয় জোটের কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় নাজমুলের মালিকানা ইটভাটার একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালান। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন নাজমুলকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে নাজমুলের বাঁ হাতের আঙুলের অংশ পুরোটাই আলাদা হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের নেতা নাজমুল ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কালিকাপুর বটতলা এলাকায় ১৮-দলীয় জোটের কর্মীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালান।