বেগমগঞ্জে আগুনে পুড়ে গেছে ১৮টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৮টি দোকান। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গয়না, কাপড়, জুয়েলারিসহ ১৮টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মাইজদী ও চৌমুহনী ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, রোববার রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ীদের চিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. জসিম উদ্দিন দাবি করেন, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত নূর উদ্দিন নামের এক ব্যবসায়ী এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।