বেগমগঞ্জে এসএসসির ফরম পূরণে ‘ফি’ ৬ হাজার টাকা!
নোয়াখালীর বেগমগঞ্জের কাজীরহাট শহীদ আমানউল্যা ফারুক একাডেমিতে এসএসসির ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা ধরা পড়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক ঝটিকা অভিযান চালিয়ে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনা প্রত্যক্ষ করেন এবং ফরম পূরণের জন্য বিদ্যালয়ের ধার্য করা টাকার তালিকাও উদ্ধার করেন। এতে দেখা যায়, একজন পরীক্ষার্থীর জন্য সর্বনিম্ন দুই হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।ধার্য করা অর্থের পরিমাণকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসেন। তিনি প্রথম আলোকে জানান, বোর্ড কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ ফি এক হাজার ২১০ টাকা। বিদ্যালয়ের আনুষঙ্গিক খরচের জন্য বড়জোর আরও ৯০ টাকা যোগ করে এক হাজার ৩০০ টাকা নিতে পারে। এর বেশি নেওয়া বেআইনি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে।খোঁজ নিয়ে জানা যায়, এসএসসি পরীক্ষার ফরম পূরণের শুরুতেই শহীদ আমানউল্যা ফারুক একাডেমির বিরুদ্ধে বর্ধিত ‘ফি’ আদায়ের অভিযোগ ওঠে। স্থানীয় একাধিক অভিভাবকও প্রথম আলোর কার্যালয়ে ফোন করে তাঁদের অভিযোগের কথা জানান। পরে এলাকায় বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।এদিকে একাডেমির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রী জান্নাতুল ফেরদৌসের কাছে ফরম পূরণ বাবদ তিন হাজার টাকা দাবির বিষয়ে অভিযোগ পেয়ে গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক। এ সময় তিনি ফরম পূরণের জন্য ছাত্রছাত্রীদের নামানুসারে বিদ্যালয়ের রেজিস্ট্রারে অতিরিক্ত ফির বিষয়ে সত্যতা পান। পরে তিনি রেজিস্ট্রার ফটোকপি করে নিয়ে আসেন।ইউএনও খন্দকার নুরুল হক বলেন, ‘বোর্ড নির্ধারিত ফি সর্বোচ্চ এক হাজার ৩০০ টাকা। অথচ রেজিস্ট্রারে দেখা যায়, সর্বনিম্ন নেওয়া হচ্ছে দুই হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার ৫০ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।’ এ ব্যাপারে জানার জন্য বারবার চেষ্টা করেও প্রধান শিক্ষক গাজিউল হকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে ফরম পূরণের দায়িত্বে থাকা বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবদুল মতিন বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে তিনি টাকা ‘কালেক্ট’ করছেন। তবে কয়েকজন গরিব ছাত্রছাত্রীকে বিনা পয়সায়ও ফরম পূরণ করার সুযোগ দেওয়া হচ্ছে।