নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব কাদিরপুর গ্রামে কলেজছাত্রীকে অর্ধনগ্ন করে ভিডিওচিত্র ধারণের মূল হোতা তাজুল ইসলাম ওরফে সুমন ও তার সহযোগীরা গতকাল শনিবার পর্যন্ত ধরা পড়েনি। ফলে মেয়েটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হাকিম বলেন, সুমন ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।থানার ওসি আমিরুল আলম বলেন, এ ঘটনায় জড়িতদের আটক করে পুলিশে সোপর্দ করার জন্য স্থানীয় লোকজনের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী মেয়েটি ও তার পরিবার এমনকি এলাকার অন্য কেউ যাতে বখাটেদের নির্যাতনের শিকার না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।মেয়েটির বাবা বলেন, সুমন ধরা না পড়ায় তাঁরা ভয়ে আছেন। বেগমগঞ্জের কাদিরপুর গ্রামের ওই মেয়েটিকে কলেজে আসা-যাওয়ার পথে দেবীসিংপুর গ্রামের সুমন উত্ত্যক্ত করত। বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানানো হলে সুমন ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার তার দলবল নিয়ে মেয়েটির বাড়িতে হানা দেয়। পরে তারা মেয়েটিকে টেনেহিঁচড়ে বাইরে এনে অর্ধনগ্ন করে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে এবং বাড়িতে ভাঙচুর চালায়।