বেগমগঞ্জে কলেজের অনুষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্রদলের মারামারি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরের সুলতান হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুজন। গতকাল রোববার সকালে ওই কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংসদ বরকত উল্লা বুলু উপস্থিত হলে ছাত্রদলের কর্মীরা দলীয় স্লোগান দেন। এ নিয়ে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ওই কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ বরকত উল্লা ক্যাম্পাসে উপস্থিত হন। এ সময় ছাত্রদলের কর্মীরা দলীয় স্লোগান দিয়ে তাঁকে বরণ করতে যান। এতে ক্ষিপ্ত হন ছাত্রলীগের কর্মীরা। তাঁরা অধ্যক্ষের কাছে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান দেওয়ার প্রতিবাদ জানান। এ নিয়ে একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা প্রথমে বাগিবতণ্ডা, পরে হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হন। এ সময় রডের আঘাতে ছাত্রদলের কর্মী আকরাম হোসেন ও সাদ্দাম আহত হন। তাঁদের চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাংসদ বরকত উল্লা অনুষ্ঠানে অংশগ্রহণ না করে ক্যাম্পাস ত্যাগ করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন বলেন, বিএনপির দলীয় স্লোগান দেওয়ায় সাংসদ নিজেই দলীয় কর্মীদের ওপর নাখোশ হন। কিন্তু এর পরও ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা তাঁদের প্রতিবাদ অব্যাহত রাখেন এবং একপর্যায়ে দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়।