বেগমগঞ্জে গুলিতে যুবদল কর্মী নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামে গতকাল শনিবার সন্ত্রাসীদের গুলিতে মো. সুমন (৩২) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের খোনকারবাড়ির পাশের তিন রাস্তার মোড় নামক স্থানে গতকাল সকাল নয়টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় আরেকটি সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দুটি সিএনজিচালিত অটোরকিশাযোগে ঘটনাস্থলে গিয়ে সুমন ও তাঁর সহযোগীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সুমন মারা যান। গুলিবিদ্ধ হন তাঁর দুই সহযোগী মাসুদ (২৭) ও নাছির (২৬)। পরে পুলিশ গিয়ে সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর বাড়ি পার্শ্ববর্তী আমানউল্লাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।সুমনের বড় ভাই দেলোয়ার হোসেন অভিযোগ করেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাশার ওরফে বাশার ও পিচ্ছি সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ভাইকে গুলি করে হত্যা করেছে। তিনি বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে সন্ত্রাসী পিচ্চি সুমনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। সুমনের দেড় বছর বয়সী একটি ছেলে আছে।এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সুমনের লোকজন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লক্ষ্মীপুর-নোয়াখালী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম প্রথম আলোকে বলেন, স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান ছিলেন সুমন। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা আছে। ওসি জানান, ইউপি সদস্য বাশারও পুলিশের তালিকাভুক্ত এক নম্বর সন্ত্রাসী। এ বছর দুটি ডাকাতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন।