বেগমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ির লোকজনের মারধরে তাহমিনা আক্তার (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর কাদিরপর গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার নিহত তাহমিনার ভাই আবদুল কাদের বাদী হয়ে তাঁর স্বামী শাহ আলম, শ্বশুর ছালেক মিয়া, শাশুড়ি বিবি রহিমা ও দেবর মো. আবদুল্লাকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আবদুল কাদের প্রথম আলোকে জানান, প্রায় ১৫ বছর আগে শাহ আলমের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। তাঁদের তিনটি মেয়ে রয়েছে। গত পাঁচ-ছয় মাস আগে তাঁর ভগ্নিপতি পরিবারকে না জানিয়ে আবুধাবি যান। সেখান থেকে গত শুক্রবার ফিরে আসেন। আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী ও তাঁর পরিবারের লোকজন তাঁর বোনকে বেদম মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তাহমিনার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।