বেগমগঞ্জে ডাকাতির চেষ্টা, পাঁচজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডাকাতির চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ লোকজন এ সময় তাঁদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেন।
আটক হওয়া ওই পাঁচ ব্যক্তি হলেন লক্ষ্মীপুরের চর মনসা গ্রামের মনোহর উদ্দিন, কুমিল্লা সদর উপজেলার পাতুরিয়া গ্রামের শাহ আলম, নোয়াখালীর সোনাইমুড়ীর বারাইয়া গ্রামের মো. আলম, আলা উদ্দিন এবং বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুরের মো. আলী। তাঁদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আলম ও মনোহরের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের জাগ্গিদার বাড়ির সৌদিপ্রবাসী আবুল কাসেম গত সোমবার রাতে মাইক্রোবাসে করে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। দিবাগত রাত তিনটার দিকে মিরওয়ারিশপুর গ্রামের বানিয়া বাড়ির সামনে এলে ছয়-সাতজনের একদল ডাকাত তাঁদের মাইক্রোবাসের গতি রোধ করে। কাসেম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে চারদিক থেকে ঘেরাও করে দুজনকে ধরে ফেলেন। এ সময় ডাকাত দলের অপর সদস্যরা অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় কেন্দুরবাগ এলাকা থেকে আরও তিনজনকে আটক করেন এলাকাবাসী। তাঁরা ডাকাতির কাজে ব্যবহৃত অটোরিকশাটি জ্বালিয়ে দেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে।