বেগমগঞ্জে ডোবা থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের বারইচতাল গ্রামের একটি ডোবা থেকে সৌরভ হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।নিহত সৌরভ বারইচতাল গ্রামের মৃত কবির হোসেনের ছেলে। তিনি স্থানীয় বাংলাবাজারে চায়ের দোকান করতেন। গত ২৮ জুলাই রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে কারা, কেন তাঁকে হত্যা করতে পারে, সে সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।নিহত সৌরভের চাচা আবুল খায়ের বলেন, গত ২৮ জুলাই রাতে তারাবির নামাজ শেষে বাংলাবাজারের চা-দোকান বন্ধ করে সৌরভ বাড়ি ফেরে। এরপর রাতের খাবার খেয়ে ১২টার দিকে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে সৌরভ ঘর থেকে বের হয়ে গিয়ে রাতে আর ফিরে আসেনি। কয়েক দিন ধরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে পার্শ্ববর্তী তরিক উল্লাহর বাড়ির কাছের একটি কচুরিপানাভর্তি ডোবা পরিষ্কার করার সময় আবদুল মতিন নামের এক ব্যক্তি লাশ দেখে তাঁদের খবর দেন। এরপর তাঁরা বিষয়টি থানায় অবহিত করেন।