বেগমগঞ্জে তিন শ্রমিকের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় গতকাল বুধবার সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকেরা হলেন: গনিপুর গ্রামের জসিম উদ্দিন (৩৫), সাদ্দাম হোসেন (২০) ও মো. নিজাম (২২)।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ওই তিন শ্রমিক গনিপুরের আবু তাহের মিয়ার বাড়িতে সমপ্রতি নির্মাণ করা একটি সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। এরপর বেশ কিছু সময় পার হলেও তাঁদের সাড়া শব্দ না পেয়ে অন্য শ্রমিক ও স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা ট্যাংকের ভেতর তিনজনকে পড়ে থাকতে দেখে উদ্ধারের চেষ্টা চালিয়েও সফল হয়টি। পরে বিষয়টি বেগমগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তা চায়। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহদাত হোসেন জানান, সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের পর বেশ কিছুদিন এর মুখ বন্ধ থাকায় ভেতরে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ওই তিন শ্রমিক অজ্ঞতাবশত ট্যাংকের মুখ খুলে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়ায় তাঁরা গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম বলেন, পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।