বেগমগঞ্জে তিনজনের অস্বাভাবিক মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। উপজেলার একলাশপুর, লতিফপুর ও চৌমুহনীর ডেল্টা জুট মিলে এসব ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে একলাশপুরে চৌমুহনী-মাইজদী সড়কের পাশ থেকে নিজাম উদ্দিন (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত নিজাম চৌমুহনীতে ইলেক্ট্রনিকস সামগ্রী বিক্রির একটি দোকানের ব্যবস্থাপক ছিলেন। রাত নয়টায় তিনি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। স্থানীয় লোকজন রাত ১০টার দিকে সড়কের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে। এদিকে গতকাল বুধবার সকালে উপজেলার দক্ষিণ লতিফপুর গ্রামের নিজ বাড়ি থেকে সফি উল্যা (২১) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সফি উল্যা আত্মহত্যা করলেও এর কারণ জানা যায়নি।গতকাল সকালে চৌমুহনীর ডেল্টা জুট মিলের অপারেটর আবদুল মতিন (৩৮) কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারখানার ব্যবস্থাপক মো. আলী আকবর জানান, নিহত মতিনের বাড়ি পৌর শহরের হাজীপুর এলাকায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) রসুল আহম্মেদ নিজামী ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। তবে একলাশপুরের ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।