বেগমগঞ্জে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে গুলি করে দুই শ্রমিক হত্যা এবং জেলা শহরে তিন পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে জেলার বেগমগঞ্জ চৌরাস্তায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এ অবরোধ চলে।
এ সময় নোয়াখালী জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. ২৬৫) ক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় গাছের গুঁড়ি ও বাস রেখে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় হামলার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার না হলে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকনেতারা।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে আগামী শনিবার বিকেলে এ বিষয়ে বৈঠকে বসে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা পরে আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে নোয়াখালী জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন সেলিম ও জহির উদ্দিন আদরের নেতৃত্বে শ্রমিকেরা বেগমগঞ্জ চৌরাস্তায় সড়ক অবরোধ করেন। এ সময় নোয়াখালী থেকে লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লাগামী সব ধরনের যানবাহন আটকা পড়ে। এতে বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হন।
শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন সেলিম জানান, গত সোমবার রাতে চাটখিলে কামাল হোসেন ও দুলাল হোসেন নামের দুই পরিবহন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। বুধবার রাতে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড়ে ‘জননী সার্ভিস’-এর একটি বাসে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে চালক নুর নবী, তার সহকারী নুরুল আমিন ও বাবলুকে বেদম পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ সময় বাসটি ভাঙচুর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
নুরুল আমিন সেলিম বলেন, শ্রমিকদের ওপর একের পর এক হামলার ঘটনায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। এ অবস্থায় প্রশাসন আশ্বাস দিয়েছে হামলার ঘটনার বিচার করার। বিচার না পেলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ও পরিবহন ধর্মঘট চলবে বলে জানান তিনি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নোয়াখালী সদরে শ্রমিকদের মারধর করার প্রতিবাদে তাঁরা বাস চলাচল বন্ধ রেখে সড়ক অবরোধ করেন। এ নিয়ে নেতাদের সঙ্গে কথা হয়েছে। উভয় পক্ষকে নিয়ে পরবর্তী সময়ে বসে সমস্যাটির সমাধান করা হবে।