বেগমগঞ্জে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের মেম্বারের পোলের গোড়া এলাকায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাতে দাঙ্গা পুলিশ গিয়ে স্থানীয় বরাইচতাল ও ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আটক ব্যক্তিরা হলেন ফাজিলপুর গ্রামের দ্বীন মোহামঞ্চদ এবং বারইচতাল গ্রামের মো. মামুন, মঞ্জুরুল ইসলাম ও মোহামঞ্চদ উল্লা। তাঁদের গতকাল বৃহস্পতিবার ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিশেষ বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারইচতাল গ্রামের সবুজ বাহিনী এবং ফাজিলপুর গ্রামের শাহজাহান ও হারুন বাহিনীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যার পর মেম্বারের পোল এলাকায় শাহজাহান ও সবুজ বাহিনী গোলাগুলিতে লিপ্ত হয়।
খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের গাড়ি শাহজাহান বাহিনীর সামনে পড়ে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও শটগান থেকে পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট গোলাগুলির একপর্যায়ে শাহজাহান বাহিনী পিছু হটে। পরে রাত ১১টার দিকে নোয়াখালী পুলিশ লাইন থেকে যাওয়া অতিরিক্ত দাঙ্গা পুলিশের সহায়তা নিয়ে দুই গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
জিরতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামছুল আলম বলেন, তাঁর ইউনিয়নের পশ্চিমাংশে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে, এরা প্রায়ই আধিপত্য বিস্তার নিয়ে মারামারি ও গোলাগুলিতে লিপ্ত হয়। বুধবার রাতের ঘটনা আগের ঘটনারই ধারাবাহিকতা।
বেগমগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, দুটি সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির খবর পেয়ে তাঁরা সেখানে গেলে সন্ত্রাসীরা উল্টো তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাঁরা শটগান থেকে ১৫টি গুলি করেন।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে সন্ত্রাসী বাহিনীর ২০ জনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।