বেগমগঞ্জে পুলিশের ওপর শিবিরের কর্মীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে শিবিরের কর্মীদের গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সহযোগীরা।
এতে মো. দিদার ও কল্প চাকমা নামের দুই কনস্টেবল আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ শটগান থেকে ২৫টি গুলি ছোড়ে হামলাকারী শিবিরের কর্মীদের মধ্য থেকে দুজনকে আটক করে। তাঁরা হলেন গুলিবিদ্ধ মো. ফিরোজ (২৪) ও মো. শিপন (২৫)। আহত ফিরোজকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে বেগমগঞ্জ থানার পুলিশের একটি দল বাংলাবাজারে একাধিক মামলার আসামি শিবিরের কয়েকজন কর্মীকে ধরতে অভিযান চালায়।
এ সময় শিবিরের কর্মীরা অভিযান প্রতিহত করতে পুলিশের ওপর পাল্টা হামলা চালান এবং এক কনস্টেবলের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তাৎক্ষণিক পুলিশের অন্য সদস্যরা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় ফিরোজ ও শিপনকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, শিবিরের কর্মীদের হামলায় কনস্টেবল দিদার ও কল্প চাকমা আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানতে চাইলে পুলিশের ওপর হামলার ঘটনা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, আটক দুজনের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ শটগান থেকে ২৫টি গুলি করেছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।