বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের প্রবাসী মো. খোকনের বাড়িতে বিকেলে সন্ত্রাসী হামলার পর রাতে বসতঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।এতে ঘরের বাসিন্দারা সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেলেও পুড়ে গেছে ভেতরের আসবাব ও অন্যান্য মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার সম্পদ।কুয়েতপ্রবাসী খোকনের স্ত্রী জান্নাত আরা গতকাল বুধবার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে প্রতিবেশী আবদুর রহিম ১৪-১৫ জনের একদল সন্ত্রাসী নিয়ে অতর্কিতে তাঁদের বাড়িতে হামলা চালায়। তারা এ সময় তাঁকে, ছেলে ইউছুফ ও মেয়ে জান্নাত আরাকে মারধর করে। এতে তাঁরা জখমপ্রাপ্ত হন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।এ ঘটনার পর মঙ্গলবার রাত দুইটার দিকে হঠাৎ তাঁদের একটি বসতঘরের চারদিকে কে বা কারা অগ্নিসংযোগ করে। সৌভাগ্যবশত ওই রাতে ঘরটিতে তাঁর ছেলে কিংবা পরিবারের কেউ ছিল না। এ সময় আগুনে পুরো ঘরটি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। জান্নাত আরা অভিযোগ করেন, বিকেলে যারা তাঁর বাড়িতে হামলা করেছে, রাতে আগুন দেওয়ার ঘটনায় তারাই জড়িত বলে তাঁর ধারণা। তবে এ বিষয়ে অভিযুক্ত আবদুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, আবদুর রহিম ও প্রবাসী খোকনের পরিবারের সঙ্গে মামলা-মোকদ্দমা নিয়ে বিরোধ চলছে। মঙ্গলবার বিকেলে রহিম লোকজন নিয়ে ওই বাড়িতে হামলা চালিয়েছেন—এমন খবর তিনি শুনেছেন। তবে রাতে কে আগুন দিয়েছে, তা কেউ দেখেনি।বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার ভূঁইয়া প্রথম আলোকে জানান, এ ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত তাঁরা তা দেননি।