বেগমগঞ্জে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের কাজীরহাট শহীদ আমানউল্যা পাবলিক উচ্চবিদ্যালয়ে এসএসসির ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের অনুরোধ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। গত সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক পত্রে ওই অনুরোধ জানানো হয়।প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ও স্থানীয় বাসিন্দা এস এম শাহজাহানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের টেলিফোনের নির্দেশে বোর্ডের পক্ষ থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয় বলে পত্রে উল্লেখ করা হয়েছে।জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পত্র পাওয়ার কথা স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বোর্ডের পত্র পাওয়ার পরই বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।সম্প্রতি শহীদ আমানউল্যাহ পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসির ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হিসেবে সর্বনিম্ন ২২০ টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার ৫০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই ওই বিদ্যালয়ে ঝটিকা অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান।