বেগমগঞ্জে ব্যালট ছিনতাই, বাক্স ভাঙচুর ও গুলি
নোয়াখালীর বেগমগঞ্জে গতকাল ভোটকেন্দ্রে হামলা, ব্যালট পেপার ছিনতাই, বাক্স ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনায় তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র তিনটি হলো সামছুন নাহার উচ্চবিদ্যালয়, মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালুয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
এসব সহিংস ঘটনায় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন (৪০) গুলিবিদ্ধসহ আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ১৫ জন আহত হয়েছেন। নাছির উদ্দিনকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ছাড়া আহত মো. বাবুল, মো. মানিক, আবুল খায়ের ও মো. সেলিমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল আটটায় ১৩৩ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সাড়ে ১০টার দিকে হাজীপুর ইউনিয়নের এ মজিদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহামঞ্চদ উল্লার সমর্থকেরা কেন্দ্রে প্রবেশ করে দুটি ব্যালট পেপারের বই নিয়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর শতাধিক সমর্থক দুই দিক থেকে হামলা চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। পরে তাঁরা কেন্দ্রের বাইরে নিয়ে ব্যালট বাক্সগুলো ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
এ সময় পুলিশ চারটি ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এরপর ভোট গ্রহণ পুরোপুরি স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা মলয় কুমার শুর। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি গিয়ে নির্বাচন কর্মকর্তাদের উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একদল দুর্বৃত্ত কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখল করতে এলে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় কর্তব্যরত পুলিশ চারটি গুলি করে। এতে নাছির উদ্দিন নামে ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি গুলিবিদ্ধ হন।