বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গত শুক্রবার রাতে মো. স্বপন নামের এক যুবকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত স্বপনের বাড়ি উপজেলার হাসিমপুর গ্রামে। এ ঘটনায় নিহতের বাবা বাবুল মিয়া গতকাল শনিবার ছয়জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।এজাহার সূত্রে জানা গেছে, বাবুল মিয়া জানান, শুক্রবার বিকেলে স্বপন তাঁর স্ত্রীকে নিয়ে উপজেলার সুলতানপুর গ্রামে নানা শ্বশুরের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যা সাতটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী একটি মসজিদের সামনে যান। এ সময় দুটি অটোরিকশা নিয়ে সাত-আটজন তাঁকে অস্ত্রের মুখে তুলে নিয়ে পাশের শ্রীধরপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একপর্যায়ে তাঁর চিত্কার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন লোকজন স্বপনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ১১টার দিকে হাসপাতালে তিনি মারা যান।বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ খান জানান, কুপিয়ে আহত করার পাশাপাশি হাত-পায়ের রগ কেটে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে।