বেগমগঞ্জে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কের বাংলাবাজার কালিকাপুর এলাকা থেকে গত রোববার মো. সেলিম (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় সেলিমের মা রহিমা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেছেন। সেলিমের বাড়ি বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সেলিম শনিবার সন্ধ্যায় ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রোববার ভোরে বাড়ির অদূরে কালিকাপুর বেইলি সেতুর পশ্চিমে ওয়াপদা খালের উত্তর পাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে বেগমগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও কান ও নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ার চিহ্ন রয়েছে।বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তবে শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।চট্টগ্রামে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জার টেক এলাকা থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, গতকাল সকালে স্থানীয় এক ব্যক্তি কর্ণফুলী থানায় ফোন করে রাস্তায় লাশটি পড়ে থাকার বিষয়টি জানান।কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) খোকন বড়ুয়া জানান, ওই যুবকের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া লাঠি দিয়েও তাঁকে আঘাত করা হয়েছে। তিনি বলেন, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হতে পারে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়, অজ্ঞাতনামা ওই যুবকের টাকাপয়সা খোয়া যায়নি। তাঁর পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।