বেগমগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রামে যৌতুকের জন্য নির্যাতন করে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত গৃহবধূ বিবি মরিয়ম (২৪) গতকাল সোমবার ভোর পৌনে ছয়টায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির আধঘণ্টা পর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর স্বামী মো. ইস্রাফিলসহ শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।মরিয়মের মা একই উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বালুচরা গ্রামের বিবি ফাতেমা বলেন, গত রোববার রাত আটটায় তিনি মরিয়মের সঙ্গে মুঠোফোনে সর্বশেষ কথা বলেন। তখন মুঠোফোনেও তিনি মারধরের আওয়াজ শুনতে পান। তবে মরিয়ম এ ব্যাপারে কোনো অভিযোগ করেননি। গতকাল ভোরে ইস্রাফিল ফোন করে তাঁকে বলেন, মরিয়ম বিষপান করেছেন এবং তাঁকে নোয়াখালী হাসপাতালে নেওয়া হচ্ছে। এরপর তিনি হাসপাতালে গিয়ে মরিয়মকে মৃত দেখতে পান।ফাতেমা অভিযোগ করেন, ইস্রাফিল ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে মরিয়মকে মারধর করে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়েছে। তিনি আরও বলেন, দুই বছর আগে মো. ইস্রাফিলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় ইস্রাফিলকে ৫০ হাজার টাকা ও আসবাব যৌতুক হিসেবে দেওয়া হয়। কিছুদিন আগে তাঁকে আরও ১০ হাজার টাকা দেওয়া হয়। এর পরও মরিয়মের মাধ্যমে তাঁদের কাছে আরও যৌতুক দাবি করেন ইস্রাফিল। এ নিয়ে প্রায়ই মরিয়মের ওপর নির্যাতন করা হতো।মরিয়মের লাশের ময়নাতদন্তকারী চিকিৎ সক ফরিদুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তির সময় মরিয়মকে বিষপানের রোগী হিসেবে উল্লেখ করা হলেও তাঁর মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিন্তু ওই আঘাত মৃত্যুর কারণ কি না, তা এখনই বলা সম্ভব নয়।বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছাড়াও মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।