বেগমগঞ্জে সংবাদপত্রের এজেন্টের ওপর হামলা
নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জের জমিদারহাটের সংবাদপত্রের এজেন্ট আবুল খায়েরের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আবদুল্লাপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।জমি নিয়ে বিরোধের জেরে একদল দুর্বৃত্ত আবুল খায়েরের দুই ছেলে জসিম উদ্দিন (৪২) ও জাকির হোসেনের (২৮) ওপরও হামলা চালায়। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আবুল খায়ের (৬৫) প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার বিকেলে তাঁর পৈতৃক সম্পত্তির সুপারিগাছ থেকে প্রতিবেশী রফিকুল ইসলাম সুপারি পেড়ে নেন। এ নিয়ে রফিকুলের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রফিকুল তাঁকে লাঠি নিয়ে ধাওয়া করেন। তাঁর দুই ছেলে জাকির ও জসিম সন্ধ্যায় বাড়ি ফেরার পর রফিকুল ৮-১০ জনকে সঙ্গে নিয়ে লাঠিসোঁটা হাতে হামলা চালান।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম গতকাল শুক্রবার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।