বেগমগঞ্জে সন্ত্রাসী ছেনী কামাল বাহিনীর তাণ্ডব
নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে গতকাল শুক্রবার বিকেলে আকসিঞ্চক দোকানপাটে হামলা ও যানবাহনে ভাঙচুরের তাণ্ডব চালিয়েছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ছেনী কামাল বাহিনী। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
হামলা-ভাঙচুরের পর ছেনী কামালের নেতৃত্বে তাঁর সন্ত্রাসী বাহিনী বাংলাবাজারে অবস্থান নিয়ে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে নোয়াখালী পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ ১০টি মামলার আসামি ছেনী কামাল তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিতে হামলা-ভাঙচুর শুরু করেন। এ সময় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের সব দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা ছোটাছুটি করে আত্মরক্ষা করেন।
একপর্যায়ে কামাল ও তাঁর বাহিনীর সদস্যরা বাজারের সড়কের দুই পাশে পার্ক করে রাখা অন্তত ২৫টি সিএনজিচালিত অটোরিকশাসহ প্রায় ৩৫টি যানবাহন ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় লোকজন জানান। এসব ঘটনায় পথচারী ও যানবাহনের যাত্রীসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমানের নির্দেশে জেলা পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এ সময় পুলিশ সন্ত্রাসীদের কাউকে আটক করতে পারেনি।
জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন সন্ত্রাসী কামালের বাহিনীর হামলা-ভাঙচুরের কথা নিশ্চিত করেন।