বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে আহত ২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
গত শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে ঘাটলা গ্রামের আবদুল ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিতে আহতরা হলেন ওই বাড়ির মরহুম এনতাজ মিয়ার ছেলে আবদুল খালেক (৫০) ও তাঁর ভাই শাহজাহান চৌধুরী (৪০)। এর মধ্যে আবদুল খালেককে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাহজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অস্ত্রধারী সন্ত্রাসীদের কাউকে আটক করতে পারেনি।
আহত খালেকের ছেলে ওমর ফারুক অভিযোগ করেন, জায়গাজমি নিয়ে তাঁদের সঙ্গে একই বাড়ির আবদুল হাইয়ের বিরোধ চলে আসছে। এ নিয়ে তারা দুই পক্ষই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ করে। অভিযোগের বিষয়ে গতকাল রোববার বৈঠক হওয়ার কথা ছিল। তার আগে শনিবার দুপুরে প্রতিপক্ষের সঙ্গে সামান্য বাগিবতণ্ডা হয়। এর জের ধরে শনিবার রাত সাড়ে আটটার দিকে প্রতিপক্ষ ভাড়াটে একদল সন্ত্রাসী নিয়ে বসতঘরে অতর্কিতে হামলা-ভাঙচুর চালায়। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কয়েকটি গুলি ছোড়ে। এতে তাঁর বাবা আবদুল খালেক ও চাচা শাহজাহান গুলিবিদ্ধ হন। এ সময় গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জানতে চাইলে জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে গুলির ঘটনা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, গুলির ঘটনা শুনে থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি।