বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিনবাজার এলাকায় গতকাল বুধবার পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন শিল্পী রানী শীল (৫০) ও তাঁর স্বামী নন্দ লাল শীল (৫৫)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, উপজেলার ছয়ানীবাজার থেকে নন্দ লাল শীল, তাঁর স্ত্রী শিল্পী রানী শীল ও ছেলে অভি শীলকে নিয়ে অটোরিকশায় করে চৌমুহনীতে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে আমিনবাজার হয়ে চৌমুহনীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিল্পী রানী মারা যান এবং পরিবারের অপর দুই সদস্য ও চালক আহত হন।খবর পেয়ে মহাসড়ক পুলিশ, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজন আহত নন্দ লাল শীল, ছেলে অভি শীল ও অটোরিকশাচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক নন্দ লাল শীলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছেলে অভি শীল ও অজ্ঞাত পরিচয় চালককে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।